বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও কালজয়ী সৃষ্টি ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বেদের মেয়ে জোসনা’। সম্প্রতি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মনোরম নদী ও গ্রামীণ আবহে নাটকটির প্রথম লটের দৃশ্যধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন শফিক সাগর এবং নাটকটি প্রযোজনা করছেন রিপন মিয়া। নাটকটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আফজাল খান দোয়াল এবং নৃত্য পরিচালনায় ছিলেন মিত্তুন রাজ।
নতুন এই ধারাবাহিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন একঝাঁক জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল শিল্পী। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন রেবেকা, রাজু সরকার, শহীদ চিশতী, রাকিব শিকদার, শেফা, গোলজার খান, পারভিন মনি, ইফা মনি, লাবনী, হেলাল খান, তুহিন খান, বাহার উদ্দিন কামরুল, জুনিয়র দিলদার ও প্রযোজক রিপন মিয়া নিজে।
শুটিং অভিজ্ঞতা নিয়ে পরিচালক ও প্রযোজনা দল জানায়, কুশীলবদের আন্তরিক অভিনয়, কারিগরি দলের সম্মিলিত প্রচেষ্টা এবং স্থানীয় গ্রামবাসীদের বিপুল সহযোগিতায় প্রথম ধাপে কাজ বেশ গুছিয়ে শেষ করা সম্ভব হয়েছে।
নির্মাতারা আশা প্রকাশ করছেন, আবহমান বাংলার লোকজ গল্প ও চিরচেনা ‘বেদের মেয়ে জোসনা’র নতুন রূপায়ণ ছোটপর্দার দর্শকদের মাঝে নতুন আবহ তৈরি করবে এবং ব্যাপকভাবে সমাদৃত হবে। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...