উত্তরার দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু: নিহত-আহতদের প্রতি শোক প্রকাশ করলেন মাসুদুজ্জামান মাসুদ
আজ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে বিধ্বস্ত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিক্ষার্থী নিহত ও আহত হন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় চরম আতঙ্ক। বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশের এলাকা। শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছড়িয়ে পড়ে চিৎকার আর কান্নার শব্দ।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন স্থানীয় সাধারণ জনগণও। দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় আরও অনেকের জীবন সংকটাপন্ন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরাও।
এই হৃদয়বিদারক ঘটনার পর সারা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ হয়ে গেছে গোটা জাতি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।
শোকবার্তায় তিনি বলেন,
“উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিস্ফোরণে যে হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জাতি আজ এক শোকাবহ দিনের সাক্ষী হল। আমরা সকলেই একযোগে এই দুঃসময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান যেন দ্রুততম সময়ে ঘটনার কারণ উদঘাটন করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...