ফতুল্লা থানা বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত ভুল প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের একটি দৈনিক পত্রিকায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও তার পরিবারকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে শহিদুল ইসলাম টিটু ও তার পরিবার সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এক প্রতিবাদলিপিতে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, শহিদুল ইসলাম টিটু একজন জনপ্রিয় ও ত্যাগী রাজনৈতিক নেতা। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথের সম্মুখভাগ থেকে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়েছেন। এ সময় তাকে বিভিন্ন মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে বলেও তারা দাবি করেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, আন্দোলন-সংগ্রামের সময় আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহিদুল ইসলাম টিটু গুরুতর আহত হন এবং তার চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়। বিষয়টি বিএনপির হাইকমান্ডসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
নেতৃবৃন্দের অভিযোগ, শহিদুল ইসলাম টিটুর রাজনৈতিক জনপ্রিয়তা ও নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি মহল দীর্ঘদিন ধরে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বলে তারা দাবি করেন।
তারা বলেন, “প্রতিপক্ষের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা অনাকাঙ্ক্ষিত। সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা প্রয়োজন।”
ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহিদুল ইসলাম টিটু ও তার পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদলিপির শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের সঠিক বুঝ ও হেদায়েত কামনা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...