বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী নিহত
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে আবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকেরগঞ্জ থানার বাখরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-১৫৫৪) ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ সামনে চলে আসা মোটরসাইকেলটিকে প্রচণ্ড ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে মোটরসাইকেল আরোহী রাস্তায় লুটিয়ে পড়ে প্রাণ হারান। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শ্যামলী পরিবহনের বাসচালককে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটিকে জব্দ করে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
স্থানীয়রা জানান, বাখরকাঠি এলাকাটি দুর্ঘটনাপ্রবণ, প্রায়ই এখানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে বেপরোয়া চালানোর কারণে এমন ঘটনা ঘটছে একের পর এক।
আপনার মন্তব্য প্রদান করুন...