নিহত আলমগীর হত্যার মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পিবিআই
বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সালেহনগর বারইপাড়া এলাকায় বিচার সালিশ চলাকালে হাতুড়িপেটায় নিহত আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃতরা হলেন মামলার ৫ নম্বর আসামি মো. জুয়েল (৩৬) ও ১৮ নম্বর আসামি আকিব ইবনে রাতুল (৩০)।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
তিনি জানান, গ্রেফতারকৃত জুয়েল বন্দর এলাকায় শিশুদের পোশাকের ব্যবসা করতেন। ব্যবসার সূত্রে নিহত আলমগীর হোসেন ও তার ছেলে মুন্নার কাছ থেকে তিনি উল্লেখযোগ্য পরিমাণ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু ধার করা টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
ঘটনার এক সপ্তাহ আগে আলমগীর জুয়েলের একটি মোটরসাইকেল তার বাসায় আটকে রাখেন। এর জেরে গত ৩ অক্টোবর বিকেলে পারভেজ নামের এক ব্যক্তির গ্যারেজে সালিশ বৈঠক বসে। তবে আলমগীর সেখানে না গেলে জুয়েলের নির্দেশে সহযোগীরা তাকে জোরপূর্বক গ্যারেজে নিয়ে আসে। সেখানে পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে আসামিরা আলমগীরকে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর মারা যান।
এরপর ৬ অক্টোবর পিবিআই মামলাটি স্ব-উদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহণ করে এবং একই রাতে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও সহযোগী আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং জানায়, মূল পরিকল্পনাটি ছিল জুয়েলের—তার নির্দেশ ও হয়।উপস্থিতিতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...